যদি রেখেছিলে, এই অনাদরে,
তবে কেন ফিরে চেয়েছিলে,
বেলা-অবেলায়, ছলনা মায়ায়,
প্রণয়ের সুরে মেতেছিলে।
সেই দিনগুলো, অগোছালো ছিলো,
আবেগের তরী বাধহীন,
ছিলে ভাবনায়, ছিলে যাতনায়,
সারাটা সময় রাতদিন।
সেই ভুলগুলো, ডানা হয়ে মেলে,
হারাল কোথায় বারবার,
পাবোনা কভুও, মনখুলে তবু,
সাধ হয় কাছে ডাকবার।
জীবনের তরী, কোন অজানায়,
ভেসে চলে গেল দিকভুলে,
এত ব্যথা নিয়ে, এই অসময়ে,
তবু গান গাই প্রাণখুলে।
বিরহের সুর, মিলনের সুর,
পৃথিবীতে আছে মিলেমিশে,
কেউ কাছে পেয়ে, কেউ দূরে গিয়ে,
খুঁজে পেতে চায় সুখ কিসে।