বন্ধু আমার-খেলার সাথী, অনেক ভালোবাসা নিও
তুমি কেমন আছো, কেমন থাকো, জানিয়ে আমায় পত্র দিও।
ভালোই আছি, যেমন ছিলাম, শরীরে ও অন্তরে
একটুখানি বুড়িয়ে গেছি, কি যেন ফুস্ মন্তরে।
কতদিন তোমার পাইনি দেখা, অন্দরে বা বন্দরে
এবার কি আসবে বলো, পেলে বড় বন্ধরে?
বন্ধু আমার-খেলার সাথী, অনেক ভালোবাসা নিও
তুমি কেমন আছো, কেমন থাকো, জানিয়ে আমায় পত্র দিও।
কী দিন ছিলো! মনে পড়ে? আমাদের শৈশব-কৈশোরে?
খুঁজি ফিরি একা একা, আহা! শৈশব গেলো কই সরে?
খেলার মাঠে যাওয়াই হয়না, খেলার সাথীর বিরহে
তুমিহীনা বন্ধু বলো, আমার, খেলার মাঠে কী রহে?
বন্ধু আমার-খেলার সাথী, অনেক ভালোবাসা নিও
তুমি কেমন আছো, কেমন থাকো, জানিয়ে আমায় পত্র দিও।
এপাড়া-ওপাড়া বেড়িয়ে, পুকুরে কাটতো দিন সাঁতরিয়ে
বিশ্বাস করো বন্ধু, অন্তরে বিরহ জাগে নস্টালজিয়া হাতরিড়ে।
কানামাছি ভোঁ ভোঁ, হা-ডু-ডু ছোঁ ছোঁ, গোল্লাছুট আর ডাংগুলি
বন্ধু কোথায়, বলো কোথায় গেলে পাব, এমন সোনার দিনগুলি?
বন্ধু আমার-খেলার সাথী, অনেক ভালোবাসা নিও
তুমি কেমন আছো, কেমন থাকো, জানিয়ে আমায় পত্র দিও।