রহস্যের চাদর

রহস্য (এপ্রিল ২০২৬)

Jamal Uddin Ahmed
  • 0
  • ৫৫
অদৃশ্য যে পথ ছাওয়া ফুল ও কাঁটায়
গোছালো কিছুদূর, অগোছালো বহুগুণ বেশি –
মাড়িয়েছি যে পথ ঘুমচোখ ঊষার আলোয়
যায়নি বাদ আগুন-দুপুর কিংবা সিঁদুরে সাঁঝও
সে পথে আমার চোখ বৃথা আলো ফেলে
জানালায় থুতনি রেখে আলোহীন রাতে।

পেছনে গেছে যে পথ দূর, বহুদূর
জোনাকি-সন্ধ্যা এবং হুতোম-নিশীথে
কুয়াশায় দিয়েছে পাড়ি নদী ও সাগর
নয় শুধু ফসলের সোনালী প্রান্তর
কাঁটা-গুল্ম বনানী ও বন – চোখ খোঁজে
মস্তিষ্কের আর্কাইভ আঁতিপাঁতি করে।

হারিয়েছে দীঘল ক্রোশ ধোঁয়াশার পথ
আত্মগত বাঁশঝাড়, বেতবন, বটের ঝুরি
শুধু নয় তাই, জারুল, কদম্ব আরও কত –
মিশে গেছে বিস্মৃতির মিশকালো ঝুলে
পদচিহ্ন ছিল যা লোনাজল বালুকাবেলায়
ধুয়ে গেছে কালের তরঙ্গে তা বেলা অবেলায়।

বাতি জ্বেলে হাতড়াই আঁধারের নিগূঢ় ভাগাড়
কান পাতি যদি শুনি দূরতম ডাহুকের অস্ফুট ধ্বনি
ধীবর-ধ্যানে খুঁজি হাতছুট কালের জিয়ল –
মনে হয় এই বুঝি ছিন্ন হলো অদৃশ্য অর্গল
এই বুঝি জাগলো আবার হৃত পদছাপ
কিন্তু হায়! দৃষ্টি ঢেকে রাখে রহস্যের চাদর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান "দৃষ্টি ঢেকে রাখে রহস্যের চাদর"- আসলেই অনেক রহস্য, দৃষ্টি ঢেকে আছে বলে দেখা পাই না। সুন্দর কবিতা! কিন্তু গল্প??? সাইটে ঢুকে আপনার কবিতা পেলাম, এর সাথে আরো আশায় ছিলাম গল্পের। আপনি সবসময়ই প্রতিটা বিষয়কে ভিন্ন লেন্সে দেখেন। ভেবেছিলাম গল্পও জম্পেশ, ব্যতিক্রমী কিছু হবে। সত্যিই এবারের টপিকটা দেখার পর থেকে আপনার গল্প পড়ব এমন একটা আনন্দ ভেতরে অনুভব করেছি। বাড়িয়ে বলছি না কিন্তু!
আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমি একটু জটিল সময় পার করছি। একটু থিতু হয়ে গল্পে ফিরে আসব বলে আশা করছি। দোয়ার দরখাস্ত।
জ্বি অবশ্যই দোয়া করি। সমস্যার ভেতর থেকে নতুন কোনো ভালো সম্ভাবনা বেরিয়ে আসুক। আঁধার টানেলের ওই প্রান্তে আলো আসবেই। ফি-আমানিল্লাহ!
সাদিয়া আক্তার রিমি রহস্যের চাদরের রহস্যময় আচরণের কারণে বুঝেও কিছুই বুঝা হলো না। যা বুঝলাম সেটা আদৌও সঠিক কি না, জানি না! তবে আপনি চাইলে আমার লেখা গল্পটি পড়তে পারেন, আশা করি আপনার গল্পটি ভালো লাগবে।
মেহেদী মারুফ শক্তপোক্ত ভাষা ব্যবহার করা জাত কবিদের একটা গুণ। এটাকে দোষ বলেও চালিয়ে দেওয়া যেতে পারে, যখন আমাদের মত সাধারণ পাঠক সেটার বোধগম্যতা ঠাওর করতে না পারে। যাই হোক, কষ্ট করে হলেও ভাষাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করলাম। :) আপনার লেখার মাঝে প্রাণ আছে, যেটা সকলের লেখায় পাওয়া যায় না। শুভ কামনা রইলো জামাল ভাই!!
আপনার নিবিড় চোখের পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি আমার অতি অগুরুত্বপূর্ণ সৃষ্টিকেও গুরুত্বপূর্ণ করে তোলে। এটি অনেক বড় পাওয়া। বরাবরের মতো অনেক ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

অদৃশ্য যে পথ ছাওয়া ফুল ও কাঁটায় গোছালো কিছুদূর, অগোছালো বহুগুণ বেশি –

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৮৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬