- এই মেঘলা দিনে বৃষ্টির গল্প কেন.. তারচেয়ে বরং উষ্ণ রোদ্দুরের গল্প বলো।
- দুজনের গল্পই বলি তাহলে.. অনেক অনেক দিন আগের কথা। পৃথিবীর তখন শৈশব চলছে। সেই নির্জন পৃথিবীর রাজপুত্রের নাম ছিল সূর্য। সে একলা একাই চালিয়ে যাচ্ছিল উষ্ণতার রাজত্ব। হঠাত্ একদিন...
- কি হল একদিন? বলো বলো!
- উত্তপ্ত পৃথিবীতে এলো এক মায়াবী রাজকন্যা.. তার জলজ স্পর্শে পৃথিবীতে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ শীতলতা। সূর্যের একচ্ছত্র আধিপত্য শেষ হয়। দুজনের মাঝে প্রথমে ছিল চাপা রেষারেষি...
- তারপর?
- তারপর ভালোবাসা! মাঝে মাঝে দেখা হয়ে যেত সূর্য আর বৃষ্টির.. ধীরে ধীরে মুগ্ধতা, ভালোলাগা এবং মৌন প্রণয়। একে অন্যকে জানাবার আগেই প্রকৃতি তাদের দূরে সরিয়ে দেয়। নিজস্ব সময়ের ব্যবধানে পালাক্রমে আসা যাওয়া দুজনের। ক্রমশ বদলে যেতে থাকে চারপাশ.. এককালের নির্জন পৃথিবীতে অজস্র প্রাণের ব্যস্ততা। এতকিছুর পরও বদলে যায়নি সূর্য আর বৃষ্টির আসা যাওয়া। আজও নিঃশব্দে ভালোবেসে যায় তারা।
- তবে কি ওরা একে অন্যের ভালোবাসার কথা জানতেই পারেনি?
- কে বললো জানতে পারেনি.. বৃষ্টি জানে সূর্যের ভালোবাসা কতটা উষ্ণ। আর সূর্যও জানে বৃষ্টির ভালোবাসা কতটা সিক্ত। তাই কখনও কখনও একসাথে দেখা যায় সূর্যের রোদ্দুর আর বৃষ্টির জলকনা.. জলে আর আগুনে উষ্ণশীতল সেই ভালোবাসার মিশ্রণে জন্ম নেয় রঙধনু। অবারিত আকাশে ক্ষণজন্মা রঙধনু তার সাতটি রঙ ছড়িয়ে জানিয়ে দেয় সূর্য আর বৃষ্টির ভালোবাসার গল্প। আর সেই গল্প প্রজাপতির ডানায় ভর করে রূপকথা হয়ে আসে তোমার জন্য!
- আমার জন্য? তোমায় তার বিনিময়ে কি দেওয়া যায়.. ওই দেখো মেঘ ভেঙ্গে বেরিয়ে এসেছে সূর্য। বৃষ্টির ফোটাগুলো রোদ্দুর মেখে হলদে হয়ে গেছে। চলো চলো.. রূপকথার বিনিময়ে তোমায় রঙধনু উপহার দেবো!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।